
কুষ্টিয়ায় ৯২ শতাংশ ইটভাটা অবৈধ, অভিযান মাত্র ৪টিতেসপ্তাহে একটি করে অভিযান হলে বাকি ভাটাগুলোতে পৌঁছাতে লাগবে সাড়ে তিন বছর, অর্থ লেনদেনের অভিযোগ!
নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার মধ্যে ১৮৪টিই চলছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই। অর্থাৎ জেলার প্রায় ৯২ শতাংশ ইটভাটাই অনুমোদনহীন। অথচ পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করা এসব ইটভাটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না পরিবেশ অধিদপ্তরকে। এখন পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাত্র চারটি অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, অবৈধ ইটভাটা চালু রাখতে পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন মহলকে ম্যানেজ করার নামে মোটা অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে।
অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এখন থেকে প্রতি সপ্তাহে একটি করে অভিযান পরিচালনা করা হবে। সেই হিসাবে অবশিষ্ট ১৮০টি অবৈধ ইটভাটায় অভিযান শেষ করতে প্রয়োজন হবে ১৮০ সপ্তাহ, অর্থাৎ প্রায় তিন বছর পাঁচ মাস।
কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় মোট ইটভাটার সংখ্যা ২০১টি। এর মধ্যে পরিবেশগত ছাড়পত্র রয়েছে মাত্র ১৭টির। বাকি ১৮৪টি ভাটা অনুমোদনহীন। ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, কুষ্টিয়ায় আগে একটি ইটভাটামালিক সমিতি থাকলেও বর্তমানে দুটি সমিতি বা অ্যাসোসিয়েশন রয়েছে। এর মধ্যে একটি সমিতির আওতায় ৮৬টি এবং অন্যটির আওতায় ৩৫টি ইটভাটা রয়েছে। বাকি ভাটামালিকদের কেউ কোনো সমিতির সদস্য নন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইটভাটামালিক বলেন, সমিতির বাইরে থাকা ভাটামালিকদের মধ্যে অভিযান নিয়ে আতঙ্ক রয়েছে। একটি মহল পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন মহলকে ম্যানেজ করার কথা বলে ভাটাপ্রতি দুই থেকে আড়াই লাখ টাকা করে আদায় করে থাকে।
তিনি আরও বলেন, সম্প্রতি অনুমোদনহীন ইটভাটাগুলো থেকে পরিবেশ অধিদপ্তরের নামে প্রায় ৮০ লাখ টাকা লেনদেন হয়েছে বলে শোনা যাচ্ছে।
কুষ্টিয়া ইটভাটামালিক সমিতির একাংশের সভাপতি লুৎফর রহমান বলেন, “আমাদের সমিতির আওতায় ৮৬টি ভাটা রয়েছে। চরসাদিপুরের ওই দিকে ৩৭ থেকে ৩৮টি ভাটা রয়েছে, যেগুলোর মালিকেরা কোনো সমিতির সদস্য নন। আমরা যদি অবৈধ হই, তাহলে সরকার কেন আমাদের কাছ থেকে ভ্যাট-ট্যাক্স নিচ্ছে?”
এদিকে, পরিবেশ অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তারাও স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকদের সরেজমিনে ইটভাটা পরিদর্শনে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে উপপরিচালকের বিরুদ্ধে।
এ বিষয়ে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নাসরিন সুলতানা বলেন, “স্যার (উপপরিচালক) না বললে তো আমি পরিদর্শন করতে পারি না। আমি মেয়ে মানুষ, সব বুঝতে পারছেন। আমার কাছে কোনো তথ্য নেই। স্যার ভালো বলতে পারবেন।”
সরেজমিনে জেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, জনবসতিপূর্ণ আবাসিক এলাকা, কৃষিজমি এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছাকাছিও গড়ে উঠেছে ইটভাটা। কোথাও টিনের চিমনি, কোথাও নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করে চলছে ইট পোড়ানোর কাজ। অনেক ভাটায় গাছের গুঁড়ি ও কাঠ পোড়ানো হচ্ছে। কোনো কোনো ইটভাটার সঙ্গে স্থাপন করা হয়েছে করাতকলও।
এসব ইটভাটার ধোঁয়ায় বায়ুদূষণের পাশাপাশি আশপাশের মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। অন্যদিকে, কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি বা টপসয়েল কেটে ইট তৈরিতে ব্যবহার করায় দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া ইটভাটার ভারী যানবাহন চলাচলে আবাসিক এলাকার স্থানীয় সড়কগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা লিমন বলেন, “ইটভাটার কারণে প্রতিনিয়ত ধুলাবালি ও কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। ভাটার আশপাশে বসবাস করা মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। ইটভাটার ভারী যানবাহন চলাচলে স্থানীয় সড়কগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা নিয়মিত তদারকি করলে এভাবে অবৈধ ইটভাটা চলতে পারত না।”
কৃষিবিদ রূপালী খাতুন বলেন, জমির উপরিভাগের উর্বর মাটি বা টপসয়েল কেটে নেওয়া হলে মাটির গুণাগুণ ও উৎপাদনক্ষমতা কমে যায়। দীর্ঘমেয়াদে এতে কৃষি উৎপাদন ব্যাহত হয় এবং কৃষকদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে ফসলি জমির টপসয়েল ইট তৈরিতে ব্যবহার করা হলে জমির স্বাভাবিক উর্বরতা ফিরিয়ে আনতে দীর্ঘ সময় প্রয়োজন হতে পারে। এতে কৃষকেরা হুমকির মুখে পড়েন।
সচেতন মহলের মতে, জেলার ৯২ শতাংশ ইটভাটা অবৈধ হওয়ার পরও মাত্র চারটিতে অভিযান পরিচালনা করায় পরিবেশ অধিদপ্তরের কার্যক্রমের যথার্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। অবৈধ ভাটার বিরুদ্ধে অভিযান হতে হবে নিয়মিত, নিরপেক্ষ ও বৈষম্যহীন। সমিতির পরিচয়, প্রভাব কিংবা আর্থিক লেনদেনের অভিযোগ যেন কোনো ভাটাকে অভিযানের বাইরে রাখার কারণ না হয়, তা নিশ্চিত করতে হবে।
স্থানীয় বাসিন্দা রাসেল হাসান বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান কেন এত ধীরগতিতে চলছে, সমিতির নামে অর্থ আদায়ের অভিযোগের সত্যতা কতটুকু এবং দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকদের স্বাধীনভাবে কাজ করতে বাধা দেওয়ার অভিযোগের পেছনে কারা রয়েছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। পরিবেশ রক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভূমিকা নিয়েই যদি প্রশ্ন ওঠে, তাহলে অবৈধ ভাটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করবে কে?
জানা গেছে, সরকার ২০০২ সালে ইটভাটায় ড্রাম চিমনির ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে। পরবর্তী সময়ে ২০১৪ সালের ১ জুলাই থেকে ১২০ ফুট উচ্চতার ফিক্সড চিমনি ব্যবহারও নিষিদ্ধ করা হয়। এরপরও জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ চিমনি ও অননুমোদিত পদ্ধতিতে ইটভাটা পরিচালনার অভিযোগ রয়েছে।
কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ এমদাদুল হক বলেন, “জেলায় ২০১টি ভাটার মধ্যে ১৭টির অনুমোদন রয়েছে। ইতিমধ্যে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছি। এখন থেকে প্রতি সপ্তাহে এই অভিযান অব্যাহত থাকবে। কোনো অবৈধ ইটভাটা থাকার সুযোগ নেই।”
পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক খন্দকার মোহাম্মদ ফজলুল হক বলেন, “কোনো অবৈধ ইটভাটা থাকবে না। ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। আপনারা সহযোগিতা করলে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারব। ইনশাআল্লাহ, কোনো জেলাতেই অবৈধ ইটভাটা থাকবে না।”