
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বারাদি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হকের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় গ্রামের মো. মোবারক আলী (৭০)-এর বাড়ির দক্ষিণ ভিটার উত্তর দুয়ারী দোচালা টিনের খোলা শয়নঘরের মাটির গর্তে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভার।
এসআরবি-১২ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অপরাধবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এসআরবি।