
নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে মসজিদ, মাদ্রাসা, গোরস্থানসহ ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুকূলে চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে কুষ্টিয়া জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সুবিধাভোগীদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিকী।
অনুষ্ঠানে মো. আব্দুল হাই সিদ্দিকী বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বরাদ্দকৃত অর্থ যথাযথ খাতে ব্যয় হয় এবং সাধারণ মানুষ এর সুফল পায়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করা হচ্ছে। আজ ১৫টি প্রকল্পের অনুকূলে মোট ১৪ লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।”
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। জনগণের কল্যাণে গৃহীত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকেই সাধারণ মানুষের জন্য আমার দপ্তরের দরজা উন্মুক্ত রেখেছি। মানুষের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, “জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্পের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেওয়া হয়।