
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, হারুন অর রশীদ:
কুষ্টিয়ার দৌলতপুরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে সাইকেলে করে মাঠে যাওয়ার পথে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় কিফাত মোল্লা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিফাত মোল্লা ওই এলাকার মৃত দবির মোল্লার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার দুপুরে কিফাত মোল্লা গবাদিপশুর জন্য ঘাস কাটতে সাইকেলে করে বাড়ি থেকে মাঠের দিকে যাচ্ছিলেন। শেহালা মাঠপাড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।
গাড়ির ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন কিফাত মোল্লা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সদস্যরা ঘাতক গাড়িটি শনাক্ত করে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।