Pathikrit Most Popular Online NewsPaper

প্রতিকি ছবি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে জমি ও বাঁশ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় রনি হোসেন (৩৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। হামলায় তাঁর এক হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া তাঁর মাথায়ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত রনি হোসেন ওই গ্রামের মৃত বিশু মণ্ডলের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, জমি ও বাঁশ কাটা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সকালে সুমন ও তাঁর সহযোগীরা রনি হোসেনের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ও হাতে কোপ দেওয়া হয়। এতে তাঁর এক হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রনিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত রনির ভাই রবি জানান, জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে তাঁরা ধারণা করছেন। এ ঘটনায় সুমন ও তাঁর সহযোগীদের জড়িত থাকার অভিযোগ করেন তিনি। অভিযুক্ত সুমন একই গ্রামের নাজিরের ছেলে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, জামালপুর গ্রামে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।