Pathikrit Most Popular Online NewsPaper

    দৌলতপুর প্রতিনিধি, হারুন অর রশীদঃ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে আটজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কঠোর অবস্থানের মুখে তারা আবারও ভারতের ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য হয়।

    শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ ১৫২/১-এস সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।বিজিবি সূত্রে জানা যায়, ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতরে আটজন অজ্ঞাত ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে দুইজন পুরুষ, চারজন নারী এবং দুইজন ট্রান্সজেন্ডার ছিলেন।

    এ সময় টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি শনাক্ত করে তাৎক্ষণিকভাবে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে না পেরে নদীপথেই ভারতের ভূখণ্ডে ফিরে যায়।

    কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন,”সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।”

    এ ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

    Spread the love