Pathikrit Most Popular Online NewsPaper

নিজস্ব প্রতিনিধি:

দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইন-এর কুষ্টিয়া প্রতিনিধি এবং কুষ্টিয়া থেকে প্রকাশ দৈনিক আজকের আলো পত্রিকা ভারপ্রাপ্ত সম্পাদক প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে স্মৃতিচারণ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মিরপুর উপজেলা প্রেসক্লাবের হলরুমে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

দেবাশীষ দত্ত গত ১৯ আগস্ট ২০২৬ বুধবার ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত ‘শিখা ইন’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে সপরিবারে নিহত হন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এ স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় বক্তারা বলেন, দেবাশীষ দত্ত শুধু একজন সাংবাদিকই ছিলেন না, তিনি সহকর্মীদের কাছে একজন আন্তরিক, সদালাপী ও স্নেহশীল মানুষ হিসেবে পরিচিত ছিলেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের কথা, এলাকার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগ তার লেখনীতে গুরুত্ব পেত।

বক্তারা আরও বলেন, কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে দেবাশীষ দত্ত সাংবাদিকতায় যে অবদান রেখে গেছেন, তা সহকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি এবং পরিবার ও স্বজনদের জন্য গভীর বেদনার।

স্মৃতিচারণ করতে গিয়ে সহকর্মীরা তার কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরেন। এ সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের আলো পত্রিকার প্রধান সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গাজী মাহাবুবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন দৈনিক মাটির পৃথিবী পত্রিকার সম্পাদক এম এ জিহাদ, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নুরুন্নবী বাবু, প্রচার সম্পাদক ও ইবি থানা প্রেসক্লাব কুষ্টিয়ার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল এবং জাতীয় পত্রিকা দৈনিক খোলা কাগজের নিজস্ব প্রতিবেদক সৌরভ হোসেন।

মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শামসুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার রিপন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক জিকো মন্ডল, কোষাধ্যক্ষ আশিকুল হক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, প্রকাশনা সম্পাদক আসাদুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফ আল-লিমু, নির্বাহী সদস্য পিয়ারুল ইসলাম ও মিনহাজ উদ্দিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য মীর হাসান, আব্দুস সালাম, আব্দুর রহমান, আনিসুজ্জামান নয়ন, বিএনপি নেতা রুহুল মন্ডলসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।