
নিজস্ব প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে শহরের কমলাপুর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) কুষ্টিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কমলাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) মো. মিজানুর রহমান। তিনি ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানা, সহকারী প্রকৌশলী (পূর্ত) এস. এম. রুহুল আমিন, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. জামিউল ইসলাম, কনজারভেন্সি ইন্সপেক্টর মো. সাজ্জাদ আহম্মেদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
অভিযানে কমলাপুর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস ও মশক নিধনে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে পৌরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।