
নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা হামিদুল প্রামাণিকের বিরুদ্ধে মাদক ব্যবসা, পুকুর দখল, মাছ চুরি, চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা অভিযোগ উঠেছে। তিনি মৃত এরশাদ প্রামাণিকের ছেলে।অভিযোগ রয়েছে, ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের ওপর একাধিকবার হামলা চালিয়েছেন হামিদুল প্রামাণিক।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শাহানুর নামে এক ব্যক্তির পুকুর দখল করে রেখেছেন হামিদুল। এছাড়া মাছ চুরির ঘটনায় তার চার সহযোগীকে পুলিশ আটক করেছিল বলে জানা গেছে। শাহানুরের পুকুর সংলগ্ন কলাবাগান কেটে ফেলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়াও প্রায় দুই মাস আগে জেনারুল নামে এক ব্যক্তির কাছ থেকে ৪০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অপকর্মে জড়িত রয়েছেন।
একাধিক সূত্র জানিয়েছে, হামিদুল প্রামাণিক এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গেও জড়িত।স্থানীয়দের ভাষ্য, রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে বিভিন্ন সময় সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন তিনি। একসময় জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে আওয়ামী লীগ এবং বর্তমানে বিএনপির পরিচয় ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া মাসখানেক আগে ইসলাম নামে এক ব্যক্তির ৮ বেল তামাক ছিনতাইয়ের ঘটনায়ও তার নাম জড়িয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে হামিদুল প্রামাণিকের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।