Pathikrit Most Popular Online NewsPaper

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া:

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় মাদ্রাসার ছাত্রীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) দুপুর ১টায় আফসার উদ্দিন গার্লস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার হলরুমে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। প্রধান আলোচক ছিলেন বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল। অনুষ্ঠান পরিচালনা করেন বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. রেজাউল করিম বলেন, “শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করতে পারে।”

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, “সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আইন মেনে চলার পাশাপাশি চালক, যাত্রী ও পথচারী—সবার দায়িত্বশীল আচরণ জরুরি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে হলে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। শিক্ষার্থীরা এ সচেতনতা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

প্রধান আলোচক মুহাম্মদ অহিদুর রহমান বলেন, “সড়কে চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলা, রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন এবং যানবাহনে ওঠানামার ক্ষেত্রে নিরাপদ পদ্ধতি অনুসরণ করা জরুরি। সড়ক দুর্ঘটনা কমাতে আইন সম্পর্কে জানা ও তা মেনে চলার বিকল্প নেই।”

স্বাগত বক্তব্যে শাহারিয়া ইমন রুবেল বলেন, “নিরাপদ সড়ক গড়তে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন জনসচেতনতা ও সবার সম্মিলিত উদ্যোগ। শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে নিসচা নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।”

অনুষ্ঠান পরিচালনাকালে আবুল কালাম আজাদ সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যানবাহন চলাচলের নিয়মকানুন সম্পর্কে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী চার শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শতাধিক ছাত্রী উপস্থিত ছিলেন।