Pathikrit Most Popular Online NewsPaper

কুষ্টিয়ার ভেড়ামারায় আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন না করে বহালের দাবিতে যাত্রীবাহী ট্রেন থামিয়ে রেলস্টেশনে বিক্ষোভ করেছে উপজেলাবাসী।

গত সোমবার চিত্রা এক্সপ্রেস ট্রেন বর্তমান রুট খুলনা-ঈশ্বরদী-ঢাকা পরিবর্তন করে রাজবাড়ী হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত কথা ছড়িয়ে পড়ে। এ নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ‘ভেড়ামারা উপজেলাবাসী’ ব্যানারে শত শত মানুষ রেলস্টেশনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় যাত্রীবাহী দুটি ট্রেন আটকে দেন বিক্ষোভকারীরা।

বিভিন্ন সূত্রে জানা গেছে, চিত্রা এক্সপ্রেস ভেড়ামারা ঈশ্বরদী হয়ে না গিয়ে রাজবাড়ী দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাবে। সোমবার এ বিষয়ে রেলভবনের আলোচনা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ পরিবেশন হয়। মুহূর্তে এই অঞ্চলের মানুষের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ নিয়ে পাকশী রেলওয়ের বিভাগীয় কার্যালয়ে যোগাযোগ করা হলেও তার সত্যতা মিলে।

বুধবার ট্রেনটির রুট পরিবর্তন না করার দাবিতে দিনব্যাপী কর্মসূচি নেয় ভেড়ামারা উপজেলাবাসী। সকাল সাড়ে ১১টায় তারা রেলওয়ে স্টেশনে অবস্থান করে। এ সময় তারা প্রায় আধা ঘণ্টা ধরে দুটি যাত্রীবাহী ট্রেন, রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ও খুলনাগামী মহানন্দ এক্সপ্রেসকে আটকে দেয়। এক ঘণ্টাব্যাপী অবস্থান করে তারা দুপুর সাড়ে ১২টায় উপজেলা দপ্তরে স্মারকলিপি প্রদান করে। বিকেলেও তাদের অবস্থান করার কথা রয়েছে।

আয়োজকদের অন্যতম স্বেচ্ছাসেবক নেতা আল হোসাইন সোহাগ বলেন, ‘রেলওয়ের এই হঠকারী সিদ্ধান্ত আমরা কোনোভাবেই মেনে নেব না। এই ট্রেনের রুট পরিবর্তন হলে আমরা ভেড়ামারাবাসীকে নিয়ে কঠোর আন্দোলনে যাব।’

ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শাজাহান আলী বলেন, ‘বর্তমানে এটিই আমাদের একমাত্র ঢাকায় যাওয়ার ট্রেন। ২০২৩ সালে নভেম্বরে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস নামের ঢাকাগামী দুটো ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। এভাবে চললে ভেড়ামারা রেলওয়ে স্টেশনের ঐতিহ্য হারিয়ে যাবে।’

ভেড়ামারা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন, ‘রুট পরিবর্তনের বিষয়টি শুনেছি। তবে এখনো কোনো কাগজপত্র হাতে পাইনি।’