Pathikrit Most Popular Online NewsPaper

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াঃ

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও নিরাপদ সড়ক চাই (নিসচা), কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লায়লা ইয়াছমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট শামিম উল হাসান অপু।

বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা কে এম জাহিদ, মোটরযান পরিদর্শক সাজিদ শাহরিয়ার ফাহিম, নিসচা কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু এবং সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল।

আলোচনা সভায় বক্তারা সড়কে চলাচলের সময় শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলা, রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন, হেলমেট ব্যবহারের গুরুত্ব, মোটরসাইকেলে অতিরিক্ত যাত্রী বহন না করা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ নয়, চালক, পথচারী, শিক্ষার্থীসহ সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতনতা তৈরি করা গেলে ভবিষ্যতে দুর্ঘটনা কমাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।