Pathikrit Most Popular Online NewsPaper

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াঃ

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বুধবার (৭ অক্টোবর) রাত ৮টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

নিসচা কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কে এম জাহিদ ও আমজাদ হোসেন বিদ্যুৎ, সহসভাপতি সাইদুর রহমান রুবেল, সহসাধারণ সম্পাদক এস এম আতাউল গণি ওসমান, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহফুজুজ্জামান তিতাস, দপ্তর সম্পাদক প্রকৌশলী মাহমুদ আল হাফিজ অভি, প্রচার সম্পাদক মিরাজুল ইসলাম, প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুব বিষয়ক সম্পাদক সানজান ইসলাম প্রেম, কার্যনির্বাহী সদস্য সাইদুল ইসলাম লিটনসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে নিসচা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পুরো অক্টোবর মাসজুড়ে বিভিন্ন সচেতনতামূলক ও সামাজিক কর্মসূচি পালন করা হবে।

গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে, সচেতনতামূলক র‍্যালি, লিফলেট বিতরণ, চালকদের সচেতনতামূলক প্রশিক্ষণ, বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মশালা, ভালো চালক ও কর্মীদের সম্মাননা প্রদান, সড়ক সাইন স্থাপন, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ, জাহানারা কাঞ্চনের স্মরণে মিলাদ মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচি।

সভায় নেতৃবৃন্দ এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।