Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    কুষ্টিয়ার ভেড়ামাড়ায় মহাসড়কে অভিযান চালিয়ে ৪শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

    বুধবার (৭ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে কুষ্টিয়া-পাবনা (এন-৭০৪) মহাসড়কের ভেড়ামাড়া থানাধীন বারদাগ ভেলকিরপুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    চৌড়হাস হাইওয়ে থানার এসআই (নিঃ) মোঃ রইচ উদ্দিনের নেতৃত্বে মোবাইল ডিউটির সময় পাবনা থেকে কুষ্টিয়াগামী একটি সিএনজিকে থামানোর সংকেত দেওয়া হলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ সিএনজিটি আটক করে তল্লাশি চালায়।

    তল্লাশিকালে সিএনজিতে থাকা ২০টি বস্তার মধ্যে রক্ষিত প্রায় ৪শ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। এসময় যাত্রীবেশে থাকা পলিথিনের মালিক ইবি থানাধীন হরিনারায়নপুর গ্রামের স্বপন কুন্ডুর ছেলে সঞ্জয় কুন্ডু (৪৫)কে আটক করা হয়।

    পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেড়ামাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার।

    ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত সঞ্জয় কুন্ডু অপরাধ স্বীকার করলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দকৃত নিষিদ্ধ পলিথিন ধ্বংস করা হয়।

    Spread the love