Pathikrit Most Popular Online NewsPaper

কুষ্টিয়ায় স্কুলছাত্রকে অপহরণের অভিযোগের ঘটনায় শিশুটিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ায় স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে মুখে স্প্রে করে অপহরণের অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। শিশুটির দাবি, জ্ঞান ফেরার পর নিজেকে একটি টিনের ঘরে বন্দি অবস্থায় দেখতে পায় সে। সেখানে কয়েকটি স্কুলব্যাগের পাশাপাশি আরও কয়েকজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। একপর্যায়ে টিনের দরজার ফাঁক দিয়ে বেরিয়ে পালিয়ে বাড়ি ফেরে শিশুটি।

গত রোববার (১৫ নভেম্বর) স্কুল থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। এ ঘটনায় মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।ভুক্তভোগী শিশুর নাম তাহমিদ। সে কুষ্টিয়া স্কুল অব লরিয়েটস ইন্টারন্যাশনালের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মতিউর রহমান। পরিবারের সঙ্গে কুষ্টিয়া সদর উপজেলার জগতি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে তারা।

পরিবার ও শিশুটির সঙ্গে কথা বলে জানা যায়, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি তাহমিদের মুখে স্প্রে করে একটি গাড়িতে তুলে নেয়। এরপর কী ঘটেছিল, তা মনে করতে পারেনি সে। পরে জ্ঞান ফিরে নিজেকে একটি টিনের ঘরের ভেতরে বন্দি অবস্থায় দেখতে পায়। সেখানে কয়েকটি স্কুলব্যাগ ও আরও কয়েকজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বলে দাবি শিশুটির। ঘরের ভেতরে রক্ত এবং ছুরির মতো ধারালো বস্তু দেখার কথাও জানিয়েছে সে।

তাহমিদের ভাষ্য, একপর্যায়ে সুযোগ বুঝে টিনের দরজার ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে আসে সে। এ সময় কয়েকজন তাকে ধাওয়া করে। পরে তাদের এড়িয়ে নিরাপদে বাড়ি ফিরে যায় শিশুটি।তাহমিদ জানায়, ‘আমার কিছু মনে নেই। আমাকে মুখে স্প্রে করে দেয়। জ্ঞান ফেরার পর দেখি, আমি একটি টিনের ঘরে আটকে আছি। সেখানে আরও কয়েকটি ব্যাগ ও কয়েকজন মানুষকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। সেখানে রক্ত ও ছুরির মতো ধারালো জিনিস ছিল। এরপর কী হয়েছে, তা আর মনে করতে পারছি না।’শিশুটির বাবা মতিউর রহমান বলেন, ‘আমার ছেলের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। আমি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার চাই। যারা এর সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

এদিকে, গত ১৫ নভেম্বর থেকে কুষ্টিয়ার রেনউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড এলাকায় চঞ্চল চৌধুরী ও দীপা খন্দকারসহ কয়েকজন শিল্পীকে নিয়ে একটি শুটিং ইউনিট কাজ করছে। শুটিংকে কেন্দ্র করে ওই এলাকায় অনেক মানুষের উপস্থিতি রয়েছে। শুটিং ইউনিটের নিরাপত্তায় পুলিশও দায়িত্ব পালন করছে। এমন পরিস্থিতিতে একই এলাকায় শিশুটিকে আটকে রাখার অভিযোগ ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

পুলিশ জানায়, শিশুটির দেখানো স্থানসহ রেনউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড এলাকার বিভিন্ন জায়গা পরিদর্শন করা হয়েছে। তবে শিশুটি যে স্থানটিকে আটকে রাখার জায়গা হিসেবে দেখিয়েছে, সেখানে মানুষের যাতায়াত নেই বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।কু

ষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছি। এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’