
কুষ্টিয়া প্রতিনিধি:
তৃণমূল পর্যায়ে সাংবাদিকদের কর্মপরিবেশ, তথ্যের নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নে সংবাদপত্রের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তাঁর এই আগমন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা করেছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন।
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (রেজি. নং: খুলনা-২০৬৯) কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামিম উল হাসান অপু।
সভায় বক্তারা আসন্ন সেমিনারটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সার্বিক প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, আগামী ৭ আগস্ট কুষ্টিয়ায় উপস্থিত থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামালসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ। এর পরদিন, ৮ আগস্ট কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মূল সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এদিকে আজকের সভায় সর্বসম্মতিক্রমে আনন্দ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি নূরুন্নবী বাবুকে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক (কো-অপ্ট) হিসেবে মনোনীত করা হয়।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ-সভাপতি মজিবুল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক এম. এ. জিহাদ, কোষাধ্যক্ষ এনামুল হক, দপ্তর সম্পাদক এস. এম. মাহফুজ উর রহমান, প্রচার সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, নির্বাহী সদস্য খন্দকার তুহিন আহমেদ, সদস্য মিরাজুল ইসলাম, নাব্বির আহমেদ খান ও হাসনাত রাব্বুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।