
নিজস্ব প্রতিবেদক:
দালালের মাধ্যমে ট্রাভেল ভিসায় সৌদি আরবে গিয়ে চরম বিপাকে পড়েছেন কুষ্টিয়ার চার যুবক। তারা বর্তমানে কাজহীন ও অনিশ্চিত অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের সৌদি প্রবাসী মিজানুর রহমানের মাধ্যমে নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা হারুন অর রশিদের সঙ্গে যোগাযোগ হয়। হারুন সৌদি আরবে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে জনপ্রতি ৫ থেকে ৬ লাখ টাকা নিয়ে ওই চার যুবককে সৌদিতে পাঠান।অভিযোগ রয়েছে, তাদের দেওয়া হয় স্বল্পমেয়াদি ট্রাভেল ভিসা, যার মেয়াদ শেষ হওয়ার পর তারা অবৈধ হয়ে পড়েন। ফলে প্রতিশ্রুত চাকরি না পেয়ে তারা বর্তমানে চরম দুর্ভোগে পড়েছেন।
ভুক্তভোগী মিজানুর রহমান জানান, তার চাচাতো ভাইসহ চারজনকে হারুনের মাধ্যমে পাঠানো হয়। এ জন্য হারুন ও তার স্ত্রী হাবিবা আক্তার বিভিন্নভাবে প্রায় ১৯ লাখ টাকা গ্রহণ করেন।
এ বিষয়ে অভিযুক্ত হারুন অর রশিদ টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, “তারা এখনও কাজ পায়নি, তবে পাবে।” মানবপাচারের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “আপনারা যা ইচ্ছা লিখতে পারেন।”
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বর জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।