
দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন।
বুধবার (২৫ নভেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, “স্থানীয় সরকারে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে।”
মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন ও নারী ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১ হাজার ২৯৭ জন।
নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।
ইউপি নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে অনুষ্ঠিত হবে। এরপর অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনও সম্পন্ন করবে কমিশন।