
দৌলতপুর প্রতিনিধি, হারুন অর রশীদ:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১,৬২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ রাজু আহমেদ (৩২) নামে এক কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটক রাজু আহমেদ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ঝাউতলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এসআই মহসিন চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার হোসেনাবাদ গ্রামের হিসনাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযান চলাকালে রাজু আহমেদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১,৬২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে দৌলতপুর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।