Pathikrit Most Popular Online NewsPaper

প্রতিকি ছবি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, হারুন অর রশীদঃ

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের তালগাছে ধাক্কা লেগে রোকন হোসেন (১৮) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শশীধরপুর-স্বরূপপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকন হোসেন দৌলতপুর উপজেলার তারাগুনিয়া মধ্যপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রোকন একটি অনটেস্ট হিরো এইচএফ ডিলাক্স মোটরসাইকেল নিয়ে শশীধরপুর থেকে স্বরূপপুরের দিকে যাচ্ছিলেন। পথে স্বরূপপুর গ্রামের সুলতান মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে দ্রুতগতির কারণে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশের একটি তালগাছে ধাক্কা লাগে।

এতে রোকন মাথায় গুরুতর আঘাত পান এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাত্র ১৮ বছর বয়সে রোকনের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

দুর্ঘটনার খবর দৌলতপুর থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় পুলিশের পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল সড়ক দুর্ঘটনা রোধে চালকদের গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন মেনে চলা এবং দায়িত্বশীলতার সঙ্গে যানবাহন চালানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

একটি সড়ক দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবন কেড়ে নেয় না, মুহূর্তেই একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎকে শোকে স্তব্ধ করে দেয়।