Pathikrit Most Popular Online NewsPaper

    দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, হারুন অর রশীদ:

    কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    শনিবার (২৯ আগস্ট) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার করা সব মালামাল মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন কাথুলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাঠালতলা মাঠে একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় দুই বোতল মদ ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১০ হাজার টাকা।

    অপরদিকে, একই দিন ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পাকুরিয়া মাঠে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় এক হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, চার বোতল ফেয়ারডিল সিরাপ ও এক বোতল স্কাফ সিরাপ উদ্ধার করে। এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৬৭ হাজার টাকা।

    এছাড়া, কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর নওপাড়া সুইচগেট এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪০০ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৭ হাজার ৬০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২৩ লাখ ১৪ হাজার ৪০০ টাকা।

    সর্বশেষ, প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গুরেরপাড়া জামে মসজিদ-সংলগ্ন এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় এক হাজার ৭১০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে। উদ্ধার করা চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৯৪ হাজার ৫০ টাকা।বিজিবি জানায়, পৃথক এসব অভিযানে সর্বমোট ২৮ লাখ ৮৫ হাজার ৪৫০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে।

    সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।