
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক চারটি বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদ, ২৫ বোতল ফেনসিডিল ও ৩৫৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪ হাজার ৫২৫ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ কাজীপুর পশ্চিমপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১০ হাজার টাকা।
এ ছাড়া ধর্মদহ বিওপির দায়িত্বপূর্ণ ধর্মদহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসব মদের আনুমানিক সিজার মূল্য ২৭ হাজার টাকা।
একই দিনে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ আকন্দপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৭ বোতল ভারতীয় মদ ও ৩৫৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩০ হাজার ২৫ টাকা।
অন্যদিকে, কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ শেওড়াতলা মাঠ এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসব মদের আনুমানিক সিজার মূল্য ৩৭ হাজার ৫০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে তারা সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও নিয়মিত টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।