Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করতে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৩টায় কুষ্টিয়া স্কুল অব লরিয়েটস ইন্টারন্যাশনালের হলরুমে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কুষ্টিয়া সার্কেল।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব লরিয়েটস ইন্টারন্যাশনালের প্রধান শিক্ষক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মাহবুব রাব্বানী।

    সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রাব্বানী বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের সচেতনতা গড়ে তোলাও অত্যন্ত জরুরি। বর্তমান প্রজন্ম যদি ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলে, তাহলে ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।”

    স্বাগত বক্তব্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল বলেন, “নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের মধ্য থেকেই সচেতন নাগরিক তৈরি হবে, যারা অন্যদেরও ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করবে।”

    এছাড়াও বক্তব্য রাখেন কুষ্টিয়া টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ প্রণীত জহুরুল হক চৌধুরী এবং বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের মোটরযান পরিদর্শক সাজিদ শাহারিয়ার ফাহিম। বক্তারা শিক্ষার্থীদের হেলমেট ব্যবহার, ট্রাফিক সংকেত মেনে চলা এবং রাস্তা পারাপারে সতর্ক থাকার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলায়েন এলিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

    আলোচনা সভা শেষে নিরাপদ সড়ক বিষয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে সঠিক উত্তর দিয়ে নবম শ্রেণির শিক্ষার্থী সিয়াম, রিয়াদ ও সিয়াম (১) পুরস্কৃত হয়।

    পরে অতিথিদের হাতে বই তুলে দেন স্কুল অব লরিয়েটস ইন্টারন্যাশনালের প্রধান শিক্ষক অ্যাড. মো. আব্দুর রহমান খান।

    Spread the love