Pathikrit Most Popular Online NewsPaper

আশরাফুল আলম:

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গড়াগঞ্জ বাসস্ট্যান্ডে শ্রমজীবী মানুষের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শ্রমজীবী মানুষের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

“একটি চারা আজ, সবুজ ভবিষ্যৎ আগামীকাল”—এই বার্তাকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও শৈলকুপা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজিবুল ইসলাম। তিনি উমেদপুর ইউনিয়ন বিএনপির নেতা কেরামত আলীর ছেলে।

কর্মসূচিতে মো. রাজিবুল ইসলাম বলেন, “সবুজায়ন উন্নয়নের অন্যতম চাবিকাঠি। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসা।”