
নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকায় স্থান পেয়েছে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্যমতে, কুষ্টিয়া ইসলামিয়া কলেজকে ‘কুষ্টিয়া-৩’ (কেন্দ্র কোড-১৫৫) হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কেন্দ্রে কুষ্টিয়া সরকারি কলেজের বিএসএস (BSS) গ্রুপের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রটির ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অধ্যক্ষ এবং তদারকির দায়িত্বে থাকবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক।
একই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘কুষ্টিয়া-২’ (কেন্দ্র কোড-১৫৪) হিসেবে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে কুষ্টিয়া সরকারি কলেজের বিএ, বিএসসি ও বিবিএ গ্রুপের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম স্বাক্ষরিত আদেশটি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তর, জেলা প্রশাসক এবং স্ব-স্ব কলেজের অধ্যক্ষের কার্যালয়ে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ টিপু সুলতান বলেন, ‘ইতিপূর্বেও কুষ্টিয়া ইসলামিয়া কলেজে এই পরীক্ষা কেন্দ্র ছিল। কিছু ভুল বোঝাবুঝির কারণে পরবর্তীতে কেন্দ্রটি বাতিল করা হয়। পরে সেই ভুল বোঝাবুঝির অবসান হলে কলেজ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে পুনরায় কেন্দ্রটি চালু করা হয়েছে।’
কেন্দ্রটি পুনরায় চালু হওয়ায় কলেজ কতৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।