
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং যশোর শিক্ষা বোর্ডের একাধিক নির্দেশনা থাকা সত্ত্বেও কুষ্টিয়া জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এডহক কমিটি গঠন নিয়ে দীর্ঘসূত্রতার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হলেও এখনো অনেক প্রতিষ্ঠানে এডহক কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ বিদ্যালয়ের প্রধানদের।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি বিলুপ্ত করা হয়। পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ১৮ নভেম্বর ২০২৪ তারিখের এক প্রজ্ঞাপনে জেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সভাপতির দায়িত্ব দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি সংক্রান্ত কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
এরপর ২০২৫ সালের ৮ সেপ্টেম্বরের এক প্রজ্ঞাপনে ৩০ নভেম্বর ২০২৫-এর মধ্যে নিয়মিত কমিটি গঠন এবং ১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে এডহক কমিটি বিলুপ্ত করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠন করা সম্ভব না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে দায়ী করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
পরবর্তীতে মাউশির ২ মার্চ ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কমিটি সংক্রান্ত দায়িত্বের মেয়াদ ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়। এরপর ১৬ মার্চ মাউশি থেকে পুনরায় পরিপত্র জারি করা হয়। ওই পরিপত্রের ধারাবাহিকতায় ২৯ মার্চ যশোর শিক্ষা বোর্ড একটি প্রজ্ঞাপন জারি করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এডহক কমিটি গঠনের জন্য নির্দেশনা দেয়।
তবে নির্দেশনা জারির পর কয়েক মাস পেরিয়ে গেলেও কুষ্টিয়া জেলার কোন শিক্ষা প্রতিষ্ঠানে এডহক কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কুষ্টিয়ার একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বলেন, “বিদ্যালয়ে কমিটি না থাকায় বিভিন্ন উন্নয়নমূলক ও প্রশাসনিক কাজ বাধাগ্রস্ত হচ্ছে। আমরা সরকারি নিয়ম অনুযায়ী এডহক কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র জেলা শিক্ষা অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠিয়েছি। জেলা শিক্ষা অফিস থেকে এডহক কমিটির প্রতিনিধি দেওয়া হলেও উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে এখনো প্রতিনিধি পাওয়া যায়নি। ফলে যশোর শিক্ষা বোর্ডে কমিটির অনুমোদনের জন্য আবেদন করা সম্ভব হচ্ছে না।”
এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মুঃ এনামুল কবীরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কুষ্টিয়া ছাড়া অধিকাংশ জেলায় এডহক কমিটি গঠন হয়ে গেছে। কুষ্টিয়া থেকে আবেদন কেন আসছে না, তা আমার বোধগম্য নয়। আপনারা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করুন।”
এদিকে বিষয়টি নিয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি মন্ত্রণালয়ে কথা বলেছি। আসলে এই জেলায় কিছু সমস্যা আছে। তবে কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে।”
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম, উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কার্যকর কমিটি থাকা জরুরি। তাই সরকারি নির্দেশনা অনুযায়ী দ্রুত এডহক কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা।