হানিফের আসনে মেয়রপুত্র তনু

কুষ্টিয়া অফিস।।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সংসদীয় আসন-৭৭) আসনে মনোনয়নপত্র নিয়েছেন কুষ্টিয়া পৌরসভার মেয়র ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আনোয়ার আলীর পুত্র পারভেজ আনোয়ার তনু। সোমবার (২৭ নভেম্বর ২০২৩) বিকেলে বেলা জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র উত্তোলন করেন তিনি।

এসময় সাংবাদিকদের উদ্দেশে পারভেজ আনোয়ার তনু বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা উৎসবমুখর পরিবেশে সবার অংশগ্রহণে নির্বাচন দেখতে চেয়েছেন। সেক্ষেত্রে দলের মধ্যে অন্য কেউ স্বতন্ত্র প্রার্থী হলে সমস্যা নেই। সেজন্য নির্বাচনে প্রার্থী হচ্ছি। আমার বাবা কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী তার দীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। তাছাড়া কুষ্টিয়াকে আরও উন্নত করতে এবং জনগণের সত্যিকারের সেবা করার জন্য সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে এসেছি। আশা করছি ভোটের ফলাফল পর্যন্ত মাঠে থাকবো।

নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলনের পর খোলা মাইক্রোবাসে করে শহর প্রদক্ষিণ করেন পারভেজ আনোয়ার তনু এবং হাত নেড়ে সড়কের পাশে থাকা মানুষদের শুভেচ্ছা জানান এই প্রার্থী। এসময় শতাধিক মোটরসাইকেলে করে তার অনুসারীরা তনুর সাথে শহর প্রদক্ষিণ করেন।

উল্লেখ্য, ইতিপূর্বে কুষ্টিয়া-৩ আসনে দু’বারের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকার মনোনয়ন পেয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *