
নিজস্ব প্রতিবেদকঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি নদীতে পড়ে যাওয়ার আগে যাত্রী নামানো হয়েছিল। ফলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা কম। তবে বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।”
ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন, নৌপুলিশ ও উদ্ধারকারী সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, “বাস নদীতে ডুবে যাওয়ার খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই মর্মান্তিক দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। কয়েক মাসের ব্যবধানে একই ঘাট এলাকায় আবারও বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় যাত্রী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।