Pathikrit Most Popular Online NewsPaper

    দৌলতপুর প্রতিনিধি, হারুন অর রশীদ:

    কুষ্টিয়ার দৌলতপুরে মহিষ বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে ছেলের টর্চলাইটের আঘাতে বানেজ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

    রোববার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত বানেজ উদ্দিন ওই এলাকার বাসিন্দা এবং গ্রামপুলিশ (চৌকিদার) হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত রাজীব (২৮) তার ছেলে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি বানেজ উদ্দিন একটি মহিষ বিক্রি করেন। রোববার রাতে বিক্রির সেই টাকা দাবি করেন ছেলে রাজীব। তবে বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাজীব তার হাতে থাকা ভারী টর্চলাইট দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে বানেজ উদ্দিন গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

    পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মহিষকুণ্ডি এলাকায় তার মৃত্যু হয়।

    দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

    Spread the love