
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া এলাকায় অস্ত্র ক্রয় করতে এসে দুই ব্যক্তি স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন। পরে তাদের গণধোলাই দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন ঝাউদিয়া পুলিশ ফাঁড়ির পুলিশের কাছে সোপর্দ করা হয়। বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তাদের আটক করে স্থানীয় জনতা।
আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার মৃত তালেব আলীর ছেলে শাজাহান (৪৪) এবং লাহিনী বটতলা এলাকার আকুলের ছেলে সবুজ (৪০)।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, পুলিশ আটক দুইজনকে হ্যান্ডকাফ পরিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এ সময় তারা দাবি করেন, মাঝপাড়া এলাকার মজিদ মেম্বার নামে এক ব্যক্তির কাছ থেকে অস্ত্র নিতে এসে তারা ধরা পড়েছেন। পরে একটি ব্যাগ থেকে একটি ভাঙা বন্দুক বের করে পুলিশের কাছে হস্তান্তর করতে দেখা যায়।
এদিকে স্থানীয়দের দাবি, নান্দিয়ার বিলকে কেন্দ্র করে এলাকায় আবারও অস্ত্রের আনাগোনা শুরু হয়েছে। এতে নতুন করে সংঘর্ষ ও রক্তক্ষয়ী ঘটনার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকাবাসী। তাদের ভাষ্য, অতীতে এই বিলকে কেন্দ্র করে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি দাবি করেছেন, তারা মাঝপাড়া এলাকার মজিদ মেম্বার নামের এক ব্যক্তির কাছ থেকে বন্দুকটি কিনেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এ ঘটনার বিষয়ে একটি সূত্র দাবি করেছে, পুরো ঘটনাটি “সাজানো নাটক” হতে পারে। তবে এ দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এ বিষয়ে পুলিশও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।