Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:

    আলোচনা সভা, কেক কাটা, দোয়া ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে কুষ্টিয়ায় দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি ও ১৬ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে।

    বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে এ উপলক্ষে সুধী সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের কুষ্টিয়া প্রতিনিধি ও কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আল মামুন সাগর। সঞ্চালনা করেন দৈনিক প্রথম আলোর কুষ্টিয়াস্থ নিজস্ব প্রতিনিধি তৌহিদী হাসান।

    আলোচনা সভায় বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি আবু মনি জুবায়েদ রিপন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মাই টিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, দৈনিক সংবাদের সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকী, ঢাকা-কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক সময়ের কাগজ-এর প্রকাশক ও সম্পাদক আবু বক্কর সিদ্দিক, এনটিভির স্টাফ রিপোর্টার শ্যামলী ইয়াসমীন, দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার সম্পাদক শরিফুল ইসলাম, ডেইলি স্টারের প্রতিনিধি আনিছ মণ্ডল, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাজ্জাদ রানা, মাছরাঙা টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি খন্দকার আহসান হাবিব, মানবজমিনের জেলা প্রতিনিধি এ জে সুজন, চ্যানেল নাইন ও আজকের পত্রিকার প্রতিনিধি দেবাশীষ দত্ত, বাংলা টিভির প্রতিনিধি এম লিটন উজ্জামান, গ্রিন টিভির প্রতিনিধি জিল্লুর রহমান, উপজেলা প্রতিনিধি জিয়ারুল, সারাবাংলার প্রতিনিধি আল আমিন রাব্বি এবং পারফেক্ট হোম ডিজাইন অ্যান্ড কনসালটেন্সির পরিচালক মাহমুদ আল হাফিজ।

    বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই মাছরাঙা টেলিভিশন বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে দর্শকের আস্থা অর্জন করেছে। সত্য ও জনস্বার্থের সংবাদ প্রকাশ, অন্যায়-অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারে চ্যানেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

    এ সময় স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম স্যামসন এইচ. চৌধুরীর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পাশাপাশি মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীসহ পরিচালনা পর্ষদের সার্বিক সাফল্য ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভা শেষে কেক কেটে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে কুষ্টিয়া প্রেসক্লাব প্রাঙ্গণে আম, কাঁঠাল, পেয়ারাসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন অতিথিরা।

    অনুষ্ঠানে কুষ্টিয়া জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের বিপুলসংখ্যক সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

    Spread the love