
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া শহরের কাটাইখানার মোড় এলাকায় পুলিশ পরিচয়ে একটি ভাড়া বাসায় ঢুকে হাতকড়া পরিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ পাঁচ লাখ টাকা ও একটি স্বর্ণের চেইন লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা মো. মহিদুল (৫০) অজ্ঞাতনামা পাঁচজনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (১৯ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় মহিদুল, তাঁর স্ত্রী নার্গিস, মেয়ে রেক্সোনা ও ভাতিজা বাদশা কাটাইখানার মোড় এলাকায় তাঁর মেয়ে-জামাই রাজীবের ভাড়া বাসায় অবস্থান করছিলেন। ওই সময় রাজীব লালন মেলায় ছিলেন।
অভিযোগ অনুযায়ী, পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তি সাদা পোশাকে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাসার দরজায় নক করেন। বাসায় অবৈধ মালামাল রয়েছে দাবি করে তল্লাশি চালানোর কথা জানান তাঁরা। দরজা খোলার সঙ্গে সঙ্গে তাঁরা ঘরে প্রবেশ করে মহিদুল ও তাঁর ভাতিজা বাদশাকে হাতকড়া পরিয়ে দেন।
পরে তল্লাশির নামে ঘরের শোকেসের তালা ভেঙে রাজীবের ব্যবসার নগদ পাঁচ লাখ টাকা ও আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যান তাঁরা। চেইনটির আনুমানিক মূল্য এক লাখ ২০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের কাছে ওয়্যারলেস সদৃশ বস্তু ছিল বলেও দাবি করা হয়েছে। এ সময় থানায় অভিযোগ করলে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।
টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার আগে মহিদুল ও তাঁর ভাতিজার হাতকড়া খুলে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্তরা।ভুক্তভোগী রাজীব বলেন, তাঁর ব্যবসার পাঁচ লাখ টাকা বাসার আলমারিতে রাখা ছিল। কয়েকজন সাদা পোশাকে পুলিশ পরিচয়ে বাসায় এসে মাদকবিরোধী অভিযান চলছে এবং বাসায় মাদক রয়েছে বলে দাবি করেন। পরে পরিবারের সদস্যদের মোবাইল ফোন কেড়ে নিয়ে বন্ধ করে দেওয়া হয়। এরপর আলমারির তালা ভেঙে টাকা ও স্বর্ণের চেইন নিয়ে তাঁরা চলে যান। খবর পেয়ে বাসায় এসে কাউকে না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তাঁর শ্বশুরের মাধ্যমে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পরিবারের দাবি, পরে কুষ্টিয়া মডেল থানায় যোগাযোগ করে তাঁরা জানতে পারেন, ওই বাসায় তল্লাশি চালাতে পুলিশের কোনো দল যায়নি। এরপর ঘটনাটিকে ভুয়া পুলিশ পরিচয়ধারীদের লুটপাট বলে সন্দেহ করে পরিবারটি থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা যাচাইয়ে কাজ করছি।”
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও লুট হওয়া টাকা-স্বর্ণালংকার উদ্ধারে তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।