Pathikrit Most Popular Online NewsPaper

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া:

কুষ্টিয়া মজমপুর বাসস্ট্যান্ড দোকান মালিক ও ব্যবসায়ী বণিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কুষ্টিয়ার মজমপুর কাঁচাবাজার এলাকায় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মজমপুর বাসস্ট্যান্ড দোকান মালিক ও ব্যবসায়ী বণিক সমিতির প্রধান উপদেষ্টা এবং কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “মজমপুর বাসস্ট্যান্ড কুষ্টিয়ার একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র। এখানকার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং এলাকার সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে নবগঠিত কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা বজায় রেখে সমিতিকে আরও শক্তিশালী করতে হবে।”

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের যেকোনো সমস্যা সমাধানে সমিতিকে কার্যকর ভূমিকা রাখতে হবে। নবগঠিত কমিটির মাধ্যমে ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ সংরক্ষিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মজমপুর বাসস্ট্যান্ড দোকান মালিক ও ব্যবসায়ী বণিক সমিতির সভাপতি হাজী আতাউর রহমান মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী রবিউল আওয়ালের সার্বিক পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সমিতির আইন উপদেষ্টা অ্যাডভোকেট শামিম উল হাসান অপু এবং কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কাজী রফিকুর রহমান রফিক।

অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম টিপু।

সভায় নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সমিতির কার্যক্রমকে গতিশীল করা, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে মজমপুর বাসস্ট্যান্ড দোকান মালিক ও ব্যবসায়ী বণিক সমিতির সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।