
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ২৯ পিস ইয়াবা, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৮ কেজি গাঁজা, ৮ বোতল ভারতীয় মদ এবং ৬টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৭২ হাজার ১৯৯ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
এর মধ্যে ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মহিষকুন্ডি ঘোনাপাড়া নামক স্থানে বিজিবির একটি চৌকস টহল দল অভিযান চালায়। এ সময় মোঃ লালু (৪৫), পিতা- মৃত জান বাক্স, মহিষকুন্ডি ঘোনাপাড়া, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়াকে ২৯ পিস ইয়াবা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১১ হাজার ৭০০ টাকা।
অন্যদিকে, চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বুড়ির খাল নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করে বিজিবি। এসব মোবাইল ফোনের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮৫ হাজার ৪৯৯ টাকা।
এছাড়া মঙ্গলবার (১৭ নভেম্বর) ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধলার মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৮ কেজি ভারতীয় গাঁজা ও ৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৭৫ হাজার টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত, নিরাপদ ও সুরক্ষিত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।