Pathikrit Most Popular Online NewsPaper

খয়েরপুর গ্রামের বন্ধ বিদ্যালয়ের ছবি

আব্দুর রহমান সাগর, কুষ্টিয়া:

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর, রাজাপুর ও উজানগ্রামের গজনবীপুরে প্রাথমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিশুরা। তিনটি গ্রামে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। অন্যদিকে, খয়েরপুর গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সেটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে এসব গ্রামের শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাধ্য হয়ে অনেক শিশুকে দূরবর্তী বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে। এতে একদিকে যেমন অভিভাবকদের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে বিদ্যালয়ে যাতায়াতের অসুবিধার কারণে শিক্ষার সুযোগ থেকেও পিছিয়ে পড়ছে শিশুরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিশুদের শিক্ষাজীবনের শুরুতেই নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে ছোট শিশুদের দূরের বিদ্যালয়ে যাতায়াত করা অত্যন্ত কষ্টসাধ্য। অনেক অভিভাবক আর্থিক সংকট ও যাতায়াত সমস্যার কারণে সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে পারছেন না।

অন্যদিকে, খয়েরপুর গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও দীর্ঘদিন ধরে সেটি বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তাঁদের মতে, বিদ্যালয়টি পুনরায় চালু করা হলে খয়েরপুরসহ আশপাশের গ্রামের শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি হতো।

এলাকাবাসীর দাবি, শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে দ্রুত খয়েরপুরের বন্ধ থাকা বিদ্যালয়টি চালু করতে হবে। পাশাপাশি বিদ্যালয়বিহীন গ্রামগুলোতে নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, প্রাথমিক শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। অথচ শুধু বিদ্যালয়ের অভাবে একটি এলাকার কোমলমতি শিশুরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে, তা কোনোভাবেই কাম্য নয়। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নূর ইসলাম বলেন, “কুষ্টিয়া সদর উপজেলার বিদ্যালয়বিহীন গ্রামগুলোর তালিকা শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। উপরিউক্ত তিনটি গ্রামের নামও আমাদের তালিকায় রয়েছে। সরকার বিদ্যালয়বিহীন গ্রামগুলোতে বিদ্যালয় নির্মাণের উদ্যোগ নেবে।”