Pathikrit Most Popular Online NewsPaper

মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে পৌর এলাকার প্রধান সড়ক, বাজার, ড্রেন ও আশপাশের জনগুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও ঝোপঝাড় পরিষ্কার করা হয়।

এ সময় জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু জানান, এলাকাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বসবাসযোগ্য রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত স্থানে ময়লা ফেলা এবং পরিবেশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে তিনি জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন অভিযান পরিচালিত হলে পৌরসভা ও ইউনিয়নগুলোর পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যকর হবে।