Pathikrit Most Popular Online NewsPaper

সংগৃহীত ছবি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ সাত জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ৫৬ প্লাটুনই মোতায়েন করা হয়েছে উত্তপ্ত হয়ে ওঠা গোপালগঞ্জে।

বুধবার বিজিবির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাহিনীর একেক প্লাটুনে ১৫ থেকে ৫০ জন সদস্য সাধারণত থাকতে পারে। তবে বিজিবির ক্ষেত্রে ৩০-৪০ জনে একটি প্লাটুন হিসেব করা হয়।

১০৮ প্লাটুন মোতায়েনের বিষয়ে বিজিবির সংবাদ সম্মেলনে বলা হয়, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।”

এরমধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া আরও চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়ের করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন।”

সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

মাঠ পর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে।

“এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।”

বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।