Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া প্রতিনিধি :

    কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত ইউসুফ শেখ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি উজানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের এসআই রকিব উদ্দিন জনি।

    গ্রেপ্তারকৃত সানোয়ার হোসেন মোল্লা কুষ্টিয়া ইবি থানাধীন দূর্বাচারা এলাকার মৃত মোসলেম মোল্লার ছেলে। তিনি উজানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

    পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত ইউসুফ শেখ হত্যা মামলার ৫ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে কুষ্টিয়া ইবি থানা ও কুষ্টিয়া মডেল থানায় হত্যা, হত্যাচেষ্টা, ভাঙচুর ও লুটপাটসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অসহযোগ আন্দোলনের মধ্যে বিকেল সাড়ে ৩টার দিকে ইউসুফ শেখ কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। পথে কুষ্টিয়া শহরের ফায়ার সার্ভিস অফিসের সামনের নূর টেইলার্স গলিতে পৌঁছালে এজাহারভুক্ত আসামিরা তাকে ধাওয়া করে। একপর্যায়ে তাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় ২০২৪ সালের ১৮ আগস্ট দিবাগত রাতে নিহত ইউসুফ শেখের মেয়ে মোছা. সীমা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৭৫ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়।

    বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র এসআই রকিব উদ্দিন জনি বলেন, “ইউসুফ হত্যা মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে সানোয়ার হোসেন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।”

    Spread the love