
কুষ্টিয়া প্রতিনিধিঃ
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুষ্টিয়া পৌর শাখার পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে অঞ্জন কৃষ্ণ শীলকে সভাপতি এবং দেবোত্তম বিশ্বাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে। একই সঙ্গে সিনিয়র সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদেও দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার অনুমোদনে কুষ্টিয়া পৌর শাখার এ আংশিক কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের আহ্বায়ক দেবেশ চন্দ্র সরকার ও সদস্য সচিব ডা. পি.কে. সাহার স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে কমিটিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সুজিত ঘোষকে সিনিয়র সহ-সভাপতি, গৌতম কুমার পালকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং সৌমিত্র সাহাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
জেলা শাখার অনুমোদনে ঘোষিত এ কমিটিকে কুষ্টিয়া পৌর এলাকায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।
সংগঠনটির ঘোষিত লক্ষ্য ও কার্যক্রমের মধ্যে ধর্মীয় সম্প্রীতি, সনাতন ধর্মাবলম্বীদের অধিকার ও নিরাপত্তা, ধর্মীয় উৎসবের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ অন্যতম। নতুন কমিটির মাধ্যমে কুষ্টিয়া পৌর এলাকার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির নেতারা জানান, ধর্মীয় পরিচয়ের ভিন্নতা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সামাজিক শান্তি প্রতিষ্ঠায় কাজ করা প্রয়োজন। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এদিকে কুষ্টিয়া পৌর শাখার পাশাপাশি একই দিনে জেলার আরও চারটি শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলা শাখায় অ্যাডভোকেট দেবাশীষ বিশ্বাসকে সভাপতি এবং বিশ্ব চন্দ্র বিশ্বাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ কমিটিতে প্রতাপ কুমার ঘোষ সিনিয়র সহ-সভাপতি, রাজিব বিশ্বাস যুগ্ম সাধারণ সম্পাদক এবং তাপস দাস সাংগঠনিক সম্পাদক হয়েছেন।
খোকসা পৌর শাখায় প্রতাপ সাহাকে সভাপতি এবং পাপ্পু সাহাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ কমিটিতে অপূর্ব মজুমদার সিনিয়র সহ-সভাপতি, বিশ্বজিৎ সাহা যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেখর কুমার মণ্ডল সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
খোকসা উপজেলা শাখায় কল্লোল সরকারকে সভাপতি এবং রাজু সাহাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া বিশ্বনাথ দাস (মাস্টার) সিনিয়র সহ-সভাপতি, অমিত কুমার দাস যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিপন কুমার বিশ্বাস সাংগঠনিক সম্পাদক হয়েছেন।
অন্যদিকে মিরপুর পৌর শাখায় স্বপন কুমার বিশ্বাসকে সভাপতি এবং প্রবীর কুমার দত্তকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে হেমন্ত কুমার ঘোষ সিনিয়র সহ-সভাপতি, তাপস কুমার ঘোষ যুগ্ম সাধারণ সম্পাদক এবং পরদেশী রায় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
জেলা শাখার অনুমোদনে ঘোষিত এসব কমিটি সংশ্লিষ্ট পৌর ও উপজেলা এলাকায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। পর্যায়ক্রমে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।