
আশরাফুল আলমঃ
আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের শিক্ষার্থীদের জন্য চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সোমবার (৪ মে) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস ও বাস্কেটবল প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিকের সর্বোচ্চ স্তর পর্যন্ত ধাপে ধাপে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। এ পরিকল্পনার অংশ হিসেবে দেশের প্রতিটি বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে ইতোমধ্যে প্রধানমন্ত্রী তিনশোর বেশি ক্রীড়া কার্ড বিতরণ করেছেন। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়েও এই উদ্যোগকে আরও বিস্তৃত করা সম্ভব।
ক্রীড়া শিক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পাবলিক ও প্রাইভেট—উভয় বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া-সংশ্লিষ্ট বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি উপজেলা পর্যায়ে ক্রীড়া কর্মকর্তা নিয়োগের মাধ্যমে খেলাধুলাকে আরও অগ্রাধিকার দেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এবারের প্রতিযোগিতায় দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন, যেখানে মোট ৩০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।