
নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসল করতে নেমে নাজিয়াত আলম সাফিন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই জনকে জীবিত উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে শহরের রেনউইক বাঁধ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নাজিয়াত আলম সাফিন স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে রেনউইক মোড় এলাকার শামসুল আলম হীরার ছেলে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, সাফিনের ছোট ভাইয়ের জন্মদিন উপলক্ষে তাদের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিকেলে সাফিন তার ভাই নাফিন ও চাচাতো ভাই স্মরণকে নিয়ে বাড়ির পাশের গড়াই নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা নদীর স্রোতে ভেসে যায়।
এ সময় স্থানীয়রা দ্রুত ঘটনাটি টের পেয়ে নাফিন ও স্মরণকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও নাজিয়াত আলম সাফিন পানিতে তলিয়ে যায়। পরে সন্ধ্যায় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর।
এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নাজিয়াত আলম সাফিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের আহ্বায়ক এ্যাড. শামিম উল হাসান অপু ও সদস্য সচিব কে এম জাহিদ। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।