Pathikrit Most Popular Online NewsPaper

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের জাকারিয়া ট্রেডার্সে সার নিতে এসে চরম ভোগান্তিতে পড়ছেন কৃষকেরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পর্যাপ্ত সার না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষকেরা।

কৃষকদের অভিযোগ, জমিতে ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় সার সংগ্রহ করতে দোকানে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তাঁদের। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও চাহিদা অনুযায়ী সার মিলছে না। কেউ কেউ সার না পেয়ে হতাশ হয়ে খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছেন। এতে সময় ও অর্থ নষ্ট হওয়ার পাশাপাশি ফসলের আবাদ নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, কৃষকদের জন্য পর্যাপ্ত পরিমাণে সার মজুত রয়েছে। তাহলে কৃষকেরা কেন সার নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন এবং কেনই বা অনেককে সার না পেয়ে ফিরে যেতে হচ্ছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে জাকারিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি দোকান বন্ধ করে দ্রুত স্থান ত্যাগ করেন।

এদিকে কৃষকদের সার পেতে এমন ভোগান্তির কারণ কী, পর্যাপ্ত সার মজুত থাকার পরও কেন তাঁরা চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না, তা খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এখন দেখার বিষয়, কৃষকদের এই ভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে।