Pathikrit Most Popular Online NewsPaper

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়ায় রাশিদা ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিনব্যাপী ঝাউদিয়া বিলপাড়া এলাকায় অনুষ্ঠিত এ খেলায় বিভিন্ন এলাকার অর্ধশতাধিক লাঠিয়াল অংশগ্রহণ করেন। ঐতিহ্যবাহী এ খেলা দেখতে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৩০৬-এর সংসদ সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “লাঠি খেলা গ্রামবাংলার ঐতিহ্য। এই ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। রাশিদা ফাউন্ডেশন গ্রামবাংলার ঐতিহ্য সংরক্ষণে একের পর এক ব্যতিক্রমী আয়োজন করছে, যা সত্যিই প্রশংসার দাবিদার।”

তিনি আরও বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি যুবসমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাশিদা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শামিম উল হাসান অপু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সহিদুজ্জামান শিপন, ঝাউদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া এবং যুবদল নেতা মোস্তাফিজুর রহমান বাবু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি ও রাশিদা ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহারিয়া ইমন রুবেল। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আয়োজক কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ সংশ্লিষ্টরা।

সভাপতির বক্তব্যে শাহারিয়া ইমন রুবেল বলেন, “গ্রামবাংলার ঐতিহ্য রক্ষায় রাশিদা ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা চাই, আমাদের যুবসমাজ মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে থেকে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত হোক। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, রাশিদা ফাউন্ডেশন ভবিষ্যতেও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকবে।

উল্লেখ্য, এর আগে রাশিদা ফাউন্ডেশনের উদ্যোগে ঝাউদিয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী গাদন খেলার আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী খেলাধুলা ও সংস্কৃতি সংরক্ষণে ফাউন্ডেশনের ধারাবাহিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

খেলা শেষে সংরক্ষিত নারী আসন-৩০৬-এর সংসদ সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন ঝাউদিয়া শাহি মসজিদ পরিদর্শন করেন। এ সময় তিনি পবিত্র রমজান মাসের আগেই মসজিদটিতে দুটি এসি (এয়ার কন্ডিশনার) দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।