
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার চৌড়হাস মুকুল সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যানিকেতনের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং পাঠের অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদ। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, বাড়িতে পাঠচর্চা এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার মান আরও উন্নত করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও নিরাপদ সড়ক সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সুস্থ, নিরাপদ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।মতবিনিময় সভায় অভিভাবকরা শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।