
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:
মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া জেলাজুড়ে আগামী ৬ মাসে ১৫০০টি বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে রবীন্দ্র-লালন উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে আমরা কাজ শুরু করেছি। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি সেই গাছের পরিচর্যার দায়িত্বও নিতে হবে। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, গাছকে বড় করে তুলতে হবে। তাহলেই এই কর্মসূচির প্রকৃত সুফল পাওয়া সম্ভব হবে।”
এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং পরিবেশপ্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।