Pathikrit Most Popular Online NewsPaper

কুষ্টিয়া প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যমে খেলনা পিস্তল হাতে নিজের একটি পুরোনো ভিডিও ছড়িয়ে মানহানির অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কুষ্টিয়া যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদের ছেলে সানজিদ আহমেদ।

মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সানজিদ আহমেদ বলেন, প্রায় এক বছর আগের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তাকে ও তার বাবা আব্দুল মাজেদকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ভিডিওতে তার হাতে থাকা পিস্তলটি খেলনা পিস্তল বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, সেদিন বাড়ির পাশের মাঠের সড়কে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় একটি শিশুর হাতে থাকা খেলনা পিস্তলটি সুন্দর লাগায় তিনি সেটি নিয়ে দেখছিলেন। এ সময় কেউ ভিডিওটি ধারণ করে।

সানজিদ আরও বলেন, কুষ্টিয়া যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে তার পরিবার ও বাবাকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে ভিডিওটি ছড়ানো হয়ে থাকতে পারে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি যুবদল নেতার সন্তান হয়ে কি অপরাধ করেছি? আমারও সাধারণ জীবনযাপনের অধিকার আছে।”

সংবাদ সম্মেলনে কুষ্টিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ, যুবদলের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।