
নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির দেওয়া একটি ছোট কার্টন খুলতে গিয়ে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নাসির শেখ (৫০) নামের এক ভ্যানচালক আহত হয়েছেন। গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে শহরের লাহিনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নাসির শেখ লাহিনী কর্মকারপাড়ার বাহের শেখের ছেলে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর রাতেই কুষ্টিয়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।পুলিশ, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় লাহিনী বটতলা এলাকায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ভ্যানচালক নাসিরের পরিচয় জেনে তাঁকে একটি ছোট কার্টন দেয়। একই গ্রামের হামিদুল ইসলামের কাছে কার্টনটি পৌঁছে দিতে বলা হয় এবং এ জন্য তাঁকে ৩০ টাকা ভাড়াও দেওয়া হয়। পরে ওই দুই ব্যক্তি সেখান থেকে চলে যায়।
নাসির কার্টনটি নিয়ে হামিদুল ইসলামের বাড়িতে গেলে তিনি সেটি নিতে অস্বীকৃতি জানান। এরপর নাসির কার্টনটি আবার লাহিনী বটতলায় নিয়ে আসেন।
নাসিরের ভাষ্যমতে, সেখানে স্থানীয় লোকজনের উপস্থিতিতে টেপ দিয়ে মোড়ানো কার্টনটি তিনি নিজেই কাঁচি দিয়ে খুলতে থাকেন। এ সময় এক ব্যক্তি পুরো ঘটনাটি মুঠোফোনে ধারণ করছিলেন। টেপ খোলার পর কার্টন থেকে একটি ছোট বাক্স বের হয়। বাক্সটি ওলটানোর পর খুলে দেখতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে নাসির গুরুতর আহত হন। পাশের একটি দোকানে থাকা ফ্রিজের অংশও ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কার্টনের ভেতরে কী ছিল এবং কারা এটি পাঠিয়েছে, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।