Pathikrit Most Popular Online NewsPaper

কুষ্টিয়া প্রতিনিধিঃ

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় স্কুল অব লরিয়েটস ইন্টারন্যাশনাল স্কুলের স্বাধীনতা মঞ্চে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যাডভোকেট আব্দুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শামিম উল হাসান অপু।

স্বাগত বক্তব্য দেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল। বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের মোটরযান পরিদর্শক সাজিদ শাহরিয়ার ফাহিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ আহমেদ।

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যাডভোকেট আব্দুর রহমান খান শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ব্যবহারে সচেতন করার গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামিম উল হাসান অপু সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে গুরুত্বারোপ করেন।

স্বাগত বক্তব্যে শাহারিয়া ইমন রুবেল নিরাপদ সড়ক গড়তে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তার নিয়ম মেনে চলার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের মোটরযান পরিদর্শক সাজিদ শাহরিয়ার ফাহিম সড়ক পরিবহন আইন ও নিরাপদে সড়কে চলাচলের নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার ওপর গুরুত্ব দেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী চার শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।