Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া প্রতিনিধি:

    কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আনোয়ার আলীর বাড়িতে অভিযান চালিয়ে কোনো গ্রেপ্তার বা উদ্ধার ছাড়াই ফিরে গেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শহরের আড়ুয়াপাড়া এলাকায় আনোয়ার আলীর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

    পুলিশ সূত্রে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও জানা যায়, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমামের নেতৃত্বে পুলিশের একটি দল আনোয়ার আলীর বাসভবনে অভিযান চালায়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে অভিযান চললেও কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং কোনো ধরনের অবৈধ বস্তু বা আলামতও উদ্ধার করতে পারেনি পুলিশ।

    অভিযান চলাকালে বাড়ির চারপাশে কয়েকশ নারী-পুরুষ জড়ো হন। একপর্যায়ে তারা পুলিশের উপস্থিতির প্রতিবাদ জানিয়ে উত্তেজিত হয়ে ওঠেন। পরিস্থিতি বিবেচনায় পুলিশ অভিযান সমাপ্ত করে ঘটনাস্থল ত্যাগ করে।

    স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া একজন সাবেক জনপ্রতিনিধিকে গ্রেপ্তারের চেষ্টা করা উচিত নয়। তাদের ভাষ্য, আনোয়ার আলী বা তার পরিবারের কাউকে গ্রেপ্তার করতে হলে আইনগত কারণ ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

    এদিকে, সাম্প্রতিক সময়ে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে শুক্রবার রাতের এই অভিযান ওই ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত কিনা, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

    এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযানের বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

    Spread the love