Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসন-২, ৩ ও ৪-এর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।

    শনিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং স্বাস্থ্যখাতকে আরও আধুনিক ও জনবান্ধব করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

    কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আনোয়ারুল কবীর, কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. নাসিমুল বারি বাপ্পী।

    এ সময় কুষ্টিয়া মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে মতবিনিময় করা হয়।

    Spread the love